
ফেনীর দাগনভূঞায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিএনপির দুগ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আতাতুর্ক সরকারি হাই স্কুলের মিজান মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কর্মসূচি পালন শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন গ্রুপ ও কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে তুমুল হট্টগোল, ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮/১০ জন আহত হয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন গ্রুপের কর্মসূচি চলাকালীন স্কুল অডিটোরিয়ামের বাহির হতে ফটিক গ্রুপ ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। এ সময় আকবর গ্রুপ কর্মসূচি থেকে বের হলে ফটিক গ্রুপ ইটপাটকেল নিক্ষেপ করে। আকবর গ্রুপ প্রতিরোধ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, উপজেলা আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক সহ-সভাপতি শাহিন আকবরকে পুলিশ নিরাপত্তার স্বার্থে স্কুল অডিটোরিয়ামে নিরাপত্তা বেষ্টনী দিয়ে নিরাপদে নিয়ে যান। অপরদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও তার স্ত্রী শাহিন আকবরকে পুলিশ সিএনজি দিয়ে বাড়িতে পৌঁছে দেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন যুগান্তরকে বলেন, শান্তিপূর্ণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিনা উসকানিতে দল থেকে বহিষ্কৃত জামশেদুর রহমান ফটিক দলবল নিয়ে কর্মসূচি ভণ্ডুল করার জন্য সন্ত্রাসী কায়দায় ইটপাটকেল ছুঁড়ে। জেলা নেতারা সাক্ষী রয়েছেন।
অপরদিকে কাজী ফটিক যুগান্তরকে বলেন, এ কর্মসূচিতে পৌর কমিটির নেতৃবৃন্দকে আমন্ত্রণ না জানানোয় সংক্ষুব্ধ হয়ে স্লোগান দিলে আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বিধায় ঘটনার সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করি।
দাগনভূঞা থানার ওসি ফয়জুল করিম নোমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় অন্য কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।