আদালতের রায়ের পর বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা চালুর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০

মার্কিন ফেডারেল আদালতের রায়ের পর বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য স্থগিত থাকা অভিবাসী ভিসা প্রদান কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আদালতের ঐতিহাসিক এই আদেশের পর পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ওয়েবসাইটে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন—এমন আশঙ্কায় ৭৫ দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা ইস্যু করা সাময়িকভাবে স্থগিত করেছিল তৎকালীন প্রশাসন। তবে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস নীতিটিকে অবৈধ ঘোষণা করেন।
‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক’ (CLINIC)-এর করা মামলার সূত্রে আদালত জানান, কোনো ব্যক্তির নির্দিষ্ট নাগরিকত্বের ভিত্তিতে ঢালাওভাবে ভিসা আটকে রাখা অভিবাসন ও জাতীয়তা আইনের পরিপন্থী এবং তা পররাষ্ট্রমন্ত্রীর আইনি ক্ষমতার বাইরে।
আদালতের আদেশের পর স্থগিতাদেশটি আর কার্যকর নেই। এর ফলে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ (গ্রিন কার্ডের প্রাথমিক ধাপ) সংক্রান্ত ভিসা প্রাপ্তির পথ উন্মুক্ত হলো। তবে আবেদনের স্বাভাবিক প্রক্রিয়া এবং নির্ধারিত সব শর্তাবলি ভিসা প্রার্থীদের আগের মতোই পূরণ করতে হবে।
উল্লেখ্য, নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থাতেও পূর্বে ইস্যু করা ভিসা বাতিল হয়নি। পাশাপাশি নতুন আবেদন জমা এবং ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়া সচল ছিল; কেবল চূড়ান্ত ভিসা ইস্যু করার ক্ষেত্রে সাময়িক বাধা ছিল, যা এখন সম্পূর্ণ দূর হলো। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, আফগানিস্তান, রাশিয়া, ব্রাজিল, মিশর, ইরান, ইরাক ও সিরিয়াসহ ৭৫টি দেশ।