প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বিশেষ সহকারী কে এই গিয়াস উদ্দিন

ডেস্ক রিপোর্ট
  ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৮

প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন। হঠাৎ গুরুত্বপূর্ণ এই দায়িত্বে তার আসা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কে এই গিয়াস উদ্দিন এবং কেমন তার পেশাগত পথচলা?
গিয়াস উদ্দিন রিমন যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তার কর্মজীবন শুরু সাংবাদিকতা ও পুলিশ সেবার মাধ্যমে।
তিনি দৈনিক ইনকিলাব, দৈনিক যুগান্তরসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেন। ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ও তেজগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে তিনি ‘প্রিন্সিপাল লেকচারার ইন পুলিশ এডুকেশন’ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কেন্ট ও এসেক্স পুলিশ কলেজের অধীনে বিএসসি (সম্মান) ও গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের প্রোগ্রাম লিডার ছিলেন।
পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ও ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অধ্যাপনা ও গবেষণা করেছেন তিনি।
এ ছাড়া, ইংল্যান্ডের পূর্বাঞ্চলের সাতটি পুলিশ বাহিনীর ডিগ্রি হোল্ডার এন্ট্রি প্রোগ্রামের (ডিএইচইপি) একাডেমিক প্রধান ও একাডেমিক সততা প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে ব্যারিস্টার গিয়াস উদ্দিনকে নিয়োগ দেয়া হয়।
সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গিয়াস উদ্দিনকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র- সমকাল