নিউইয়র্কে আবুল কাহের শামীম

সিলেটের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ, ১০০ দিনেই দৃশ্যমান অগ্রগতি

ডেস্ক রিপোর্ট
  ২৬ মে ২০২৬, ২০:৫৯

সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের শামীম বলেছেন, সিলেটের উন্নয়নকে সামনে রেখে জেলার সব জনপ্রতিনিধি, সরকার সংশ্লিষ্ট মন্ত্রী এবং দায়িত্বশীল মহল এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ১০০ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক উদ্যোগে সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু সিলেট নগর নয়, পুরো সিলেটজুড়ে অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা ও জনসেবামূলক খাতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানান।
নিউইয়র্ক সফররত আবুল কাহের শামীমকে সম্মান জানাতে এবং তাঁর সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে সিলেট সদর সোসাইটি অব ইউএসএ’র উদ্যোগে কুইন্সের গুলশান টেরেসে এক প্রাণবন্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মিনহাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কাহের শামীম।
সভায় সিলেটের আশি ও নব্বই দশকের সাবেক ছাত্রনেতারা দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন। বক্তারা আবুল কাহের শামীমকে রাজপথের লড়াকু, ত্যাগী এবং জনগণের মধ্য থেকে উঠে আসা একজন জননেতা হিসেবে অভিহিত করেন। তাঁরা বলেন, দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা তাঁকে সিলেট জেলা পরিষদের নেতৃত্বে নতুন মাত্রা যোগ করার সুযোগ করে দিয়েছে।
বক্তারা সিলেটের উন্নয়ন, প্রবাসীদের সঙ্গে সমন্বয়, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন, এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে আবুল কাহের শামীম বলেন, “আমার প্রথম অঙ্গীকার হচ্ছে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জেলা পরিষদ গড়ে তোলা। সিলেটের সব জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের এই যাত্রাকে এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন, প্রবাসী সিলেটিদের সঙ্গে সিলেটের সম্পর্ক শুধু আবেগের নয়, উন্নয়নেরও। তাঁদের অভিজ্ঞতা, পরামর্শ এবং বিনিয়োগ সিলেটের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি বলেন, প্রবাসীরা সবসময় সিলেটের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত থাকতে চান এবং নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা পরিষদ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাকির হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাসিম চৌধুরী, অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, বেদারুল ইসলাম বাবলা, দেওয়ান শাহেদ চৌধুরী, সুবেদ এ খান, আলতাফ চৌধুরী, গোলাম মরতুজা চৌধুরী, জাহাঙ্গীর ভূঁইয়া, মনজুর আহমেদ চৌধুরী, ফয়সল ইসলাম আলী, আব্দুল আহাদ, ইব্রাহীম চৌধুরী খোকন, সেকিল চৌধুরী, আজাদ উদ্দিন, আশফাক চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, শাহ মিজানুর রহমান, ফয়েজ চৌধুরী, আনহার মিয়া, শফিকুল খালিসদার এবং মামুনুর রশীদ শিপুসহ আরও অনেকে।
সভা শেষে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন, নৈশভোজ এবং অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিক আলাপ-আলোচনা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনটি প্রবাসী সিলেটিদের মধ্যে নতুন আশাবাদ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।