দ্বিতীয় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট
  ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৭

প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সাফল্যের ধারাবাহিকতায় ঘোষণা করা হয়েছে ২য় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যে আগামী বছরের শুরুতে নিউইয়র্কে এ উৎসব অনুষ্ঠিত হবে।
প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করবে এবারের উৎসব। সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন।
উৎসবে শর্টফিল্ম, ডকুমেন্টারি, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই চারটি বিভাগে বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি বিভিন্ন বিভাগে সেরা নির্মাতা ও চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে।
উৎসবের আহ্বায়ক প্রযোজক অলিভ আহমেদ বলেন, আমেরিকায় বাংলা চলচ্চিত্রের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যেই তারা কাজ করছেন। প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে দর্শক ও নির্মাতাদের কাছ থেকে যে সাড়া পাওয়া গেছে, সেটিকে ভিত্তি করেই এবার আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, উৎসবের জন্য অভিজ্ঞ বিচারকমণ্ডলী কাজ করবে। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে রয়েছেন তানভীর খায়ের।
উৎসবের সদস্য সচিব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। যারা দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, তাদের কাজের মূল্যায়নের পাশাপাশি নতুন প্রজন্মের নির্মাতাদেরও আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরতে চান তারা।
তিনি বাংলাদেশের নির্মাতা ও প্রযোজকদের ২০২৬ সালে নির্মিত নিজেদের সেরা চলচ্চিত্র উৎসবে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, চলচ্চিত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। এমওভি অথবা এমপিফোর ফরম্যাটে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। নির্মাতারা ড্রাইভ লিংক ইমেইলের মাধ্যমে জমা দিতে পারবেন। এ ছাড়া ফিল্মফ্রিওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।
আয়োজকরা জানান, আগামী বছরের শুরুতে নিউইয়র্কে উৎসবটি অনুষ্ঠিত হবে। শিগগিরই উৎসবের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু ঘোষণা করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ওয়েবসাইট ও পরবর্তী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করা যাবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইটে।