
আগামী ১ অক্টোবর থেকে অভিবাসন মর্যাদাভিত্তিক নতুন বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানরত কিছু অভিবাসীও ফেডারেল অর্থায়নে পূর্ণাঙ্গ মেডিকেইডের যোগ্যতা হারাতে পারেন। শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি এবং মানবিক কারণে থাকার অনুমতি পাওয়া কয়েকটি শ্রেণি এই পরিবর্তনের প্রভাবের মুখে পড়বেন। তবে নিউইয়র্কে ফেডারেল অর্থায়ন বন্ধ হওয়া মানেই সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যবিমা বন্ধ হয়ে যাওয়া নয়। রাজ্যের নিজস্ব অর্থায়নে কভারেজ পাওয়ার সুযোগ থাকতে পারে।
এনওয়াই স্টেট অব হেলথের ২ সেপ্টেম্বর প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, অভিবাসন মর্যাদার ভিত্তিতে যোগ্যতার নিয়ম বদলানোর কারণে কিছু প্রাপ্তবয়স্ক ১ অক্টোবর থেকে আর মেডিকেইডের যোগ্য না-ও থাকতে পারেন। যাঁরা প্রভাবিত হবেন, তাঁদের নোটিশ পাঠানো হবে। তাঁরা বিকল্প কোন স্বাস্থ্যবিমার যোগ্য হতে পারেন, তা নির্ধারণেও রাজ্য কাজ করবে।
নতুন বিধিনিষেধের কেন্দ্রে রয়েছে পূর্ণাঙ্গ মেডিকেইডের জন্য ফেডারেল অর্থায়ন। এত দিন নির্দিষ্ট মানবিক অভিবাসন মর্যাদার ভিত্তিতে যাঁরা এই সুবিধা পেতেন, তাঁদের একটি অংশের জন্য সেই অর্থায়ন বন্ধ হবে। ফলে বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা এবং ফেডারেল অর্থায়নে মেডিকেইডের যোগ্য থাকা এখন আরও পৃথক বিষয় হয়ে উঠছে।
সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস বা সিএমএসের নির্দেশনায় বলা হয়েছে, ১ অক্টোবর থেকে সাধারণভাবে গ্রিন কার্ডধারী স্থায়ী বাসিন্দা, নির্দিষ্ট শ্রেণির কিউবান ও হাইতিয়ান প্রবেশকারী এবং কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন বা কোফা চুক্তির আওতাভুক্ত ব্যক্তিদের জন্য ফেডারেল অর্থায়ন বহাল থাকবে। তবে তাঁদের আয়, বাসস্থান এবং প্রযোজ্য অন্য শর্তও পূরণ করতে হবে।
একই নির্দেশনা অনুযায়ী, শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, নির্দিষ্ট প্যারোলে প্রবেশকারী এবং মানবপাচারের শিকার ব্যক্তিরা শুধু ওই মর্যাদার ভিত্তিতে পূর্ণাঙ্গ মেডিকেইডের ফেডারেল অর্থায়ন পাবেন না। তাঁদের অন্য কোনো যোগ্য অভিবাসন মর্যাদা থাকলে অথবা ব্যতিক্রম প্রযোজ্য হলে কভারেজের সিদ্ধান্ত ভিন্ন হতে পারে। আগে আশ্রয় পেয়েছেন, পরে গ্রিন কার্ড পেয়েছেন, এমন ব্যক্তির বর্তমান মর্যাদা তাই গুরুত্বপূর্ণ।
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বড় প্রশ্ন হচ্ছে, ফেডারেল অর্থায়ন হারালে রাজ্য কি তাঁদের স্বাস্থ্যসেবার খরচ বহন করবে?
এনওয়াই হেলথ অ্যাকসেসের বিশ্লেষণে বলা হয়েছে, ফেডারেল অর্থায়নে মেডিকেইডের যোগ্যতা হারানো অনেক বৈধ অভিবাসীর নিউইয়র্কের নিজস্ব অর্থায়নে কভারেজ পাওয়ার যোগ্যতা থাকার কথা। এর ভিত্তি হিসেবে সংস্থাটি নিউইয়র্কের আদালতের আলিয়েসা বনাম নভেলো সিদ্ধান্ত এবং রাজ্যের অভিবাসী স্বাস্থ্যসেবার বিধানের কথা উল্লেখ করেছে।
ওই বিশ্লেষণে শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি এবং পারিবারিক সহিংসতা ও মানবপাচারের শিকার ব্যক্তিদের মতো কয়েকটি শ্রেণির কথা বলা হয়েছে। অর্থাৎ ফেডারেল সরকার খরচের অংশ দেওয়া বন্ধ করলেও নিউইয়র্কের নিজস্ব ব্যবস্থায় অনেকের স্বাস্থ্যসেবা অব্যাহত থাকার ভিত্তি রয়েছে।
তবে প্রত্যেকের কভারেজ স্বয়ংক্রিয়ভাবে একইভাবে চলবে, এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কারও আয়, বর্তমান অভিবাসন মর্যাদা এবং কভারেজের ধরন অনুযায়ী সিদ্ধান্ত আলাদা হতে পারে। এনওয়াই স্টেট অব হেলথও জানিয়েছে, প্রভাবিত ব্যক্তিদের বিকল্প যোগ্যতা নির্ধারণ করা হবে। ফলে ব্যক্তিগত নোটিশ ও যোগ্যতা যাচাইয়ের ফলই বলে দেবে কার ক্ষেত্রে কী পরিবর্তন আসছে।
বাংলাদেশি কমিউনিটির অনেকের ক্ষেত্রে আশ্রয়ের আবেদন বিচারাধীন রয়েছে, কেউ আশ্রয় পেয়েছেন, আবার কেউ ইতিমধ্যে গ্রিন কার্ড পেয়েছেন। এই অবস্থাগুলো এক নয়। শুধু ওয়ার্ক পারমিট আছে বলেই কারও মেডিকেইড থাকবে বা বন্ধ হবে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান অভিবাসন মর্যাদা এবং তিনি কোন অর্থায়নের আওতায় স্বাস্থ্যবিমা পাচ্ছেন, তা দেখতে হবে।
সিএমএসের বাস্তবায়ন নির্দেশনায় সম্ভাব্য প্রভাবিত সুবিধাভোগীদের যোগ্যতা পুনরায় যাচাই করতে রাজ্যগুলোকে বলা হয়েছে। কারও পুরোনো নথিতে আগের অভিবাসন মর্যাদা থাকলেও বর্তমানে তা বদলে গিয়ে থাকলে হালনাগাদ নথি গুরুত্বপূর্ণ হবে। কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য দিয়ে যোগ্যতা নিশ্চিত করা না গেলে অতিরিক্ত তথ্য চাওয়া হতে পারে।
শিশু ও গর্ভবতী ব্যক্তিদের জন্য পৃথক ব্যতিক্রমও রয়েছে। সিএমএসের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বিকল্প গ্রহণকারী রাজ্যে আইনসম্মতভাবে বসবাসরত যোগ্য শিশু ও গর্ভবতী ব্যক্তির কভারেজ বহাল থাকতে পারে। জরুরি চিকিৎসার জন্য ইমার্জেন্সি মেডিকেইডের সুযোগও রয়েছে। তবে তা নিয়মিত চিকিৎসার পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিমার সমতুল্য নয়।
কভারেজ বন্ধ বা সুবিধা কমানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগাম নোটিশ দিতে হবে বলে সিএমএস জানিয়েছে। সেই সঙ্গে সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি বা পর্যালোচনা চাওয়ার অধিকার জানাতে হবে। কোনো নোটিশ এলে তাই সিদ্ধান্তের কারণ, কার্যকর হওয়ার তারিখ এবং আপত্তি জানানোর সময়সীমা দেখা জরুরি।
এনওয়াই স্টেট অব হেলথ এখন সুবিধাভোগীদের ফোন নম্বর, ইমেইল ও বাসার ঠিকানা হালনাগাদ রাখতে বলেছে। নিজের অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করে অথবা এনরোলমেন্ট সহায়তাকারীর মাধ্যমে তথ্য সংশোধন ও কভারেজ সম্পর্কে সহায়তা নেওয়া যাবে। কাউন্টির সোশ্যাল সার্ভিসেস কার্যালয়ের মাধ্যমে মেডিকেইডে অন্তর্ভুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
অক্টোবরের পরিবর্তনটি অভিবাসন মর্যাদাভিত্তিক যোগ্যতার সঙ্গে সম্পর্কিত। আগামী জানুয়ারি থেকে কিছু প্রাপ্তবয়স্কের জন্য চালু হতে যাওয়া কাজসংক্রান্ত শর্ত আলাদা পরিবর্তন। নিউইয়র্কের সুবিধাভোগীদের ক্ষেত্রে তাই কোন নিয়মের কারণে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নোটিশে স্পষ্টভাবে দেখে নেওয়া প্রয়োজন।