
যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বার্মিংহাম সিটি কাউন্সিলের নিউটাউন ওয়ার্ড থেকে লিবারেল ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের যুক্তরাজ্য প্রতিনিধি রাশিয়া খাতুন। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অংশ নিয়ে তিনি ইতোমধ্যে স্থানীয় কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছেন।
গত প্রায় চার দশক ধরে বার্মিংহামে বসবাসরত রাশিয়া খাতুন স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য যুক্তরাজ্যের রাজকীয় স্বীকৃতি ‘কিংস অ্যাওয়ার্ড (এমবিই)’ অর্জন করে। এছাড়াও তিনি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ‘অমরাবতী’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিউটাউন এলাকায় রাশিয়া খাতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্যারেন্টস গভর্নেন্স কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে শিশুদের উন্নয়ন, বিনোদন এবং স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিজ উদ্যোগে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি গত কয়েক বছর ধরে কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পেশাগতভাবে তিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি LB24TV, BEONTVUK এবং প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সঙ্গে সাংবাদিক হিসেবে যুক্ত আছেন। এছাড়া তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সদস্য এবং বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাশিয়া খাতুন সুনামগঞ্জ জেলার নাদাম গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী আর্শদ আলীর কন্যা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত; তাঁর স্বামী ফিরোজ রব্বানী একজন সংগীতশিল্পী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। চার সন্তানের জননী রাশিয়া খাতুন তাঁর নির্বাচনী যাত্রায় সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।