কুয়েত প্রবাসী সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমি পেলেন ধ্রুপদী পুরস্কার

ডেস্ক রিপোর্ট
  ২১ মে ২০২৬, ১৫:০২

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে এক যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ নারী লেখক সোসাইটির  প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১৭ মে) জমকালো  জমকালো ও বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, কবি, লেখক ও সাহিত্যিক নাসরিন আক্তার মৌসুমীকে সম্মানসূচক ‘ধ্রুপদী সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কবির পক্ষ হয়ে মিসেস মনোয়ারা বেগম।
কুয়েত প্রবাসী হওয়ায় নাসরিন আক্তার মৌসুমী ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে অনুপস্থিত থেকেও এই সম্মাননা তাকে সাহিত্যচর্চায় নতুন অনুপ্রেরণা ও উৎসাহ জুগিয়েছে বলে জানা গেছে। তার একক কাব্যগ্রন্থ ‘দুঃখ পোষা লাজুক লতা’-এর জন্য চলতি বছর তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক শেলি সেনগুপ্তা, ঝর্ণা রহমান, রিজিয়া রহমান, দিলারা মেজবা এবং অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি সহ আরও অনেকে। এ বছর নূরজাহান বেগম পদক পেয়েছেন কবি দিলারা হাফিজ।
নাসরিন আক্তার মৌসুমীর সম্পাদনায় ও এককভাবে প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নের সাতকাহন’, ‘স্বপ্নের সাতকাহন’ (দ্বিতীয় খণ্ড), ‘পিদিম’, ‘সাতরঙা রংধনু’, ‘কোভিড-১৯’, ‘বায়ান্ন থেকে একাত্তর’ এবং ‘দুঃখ পোষা লাজুক লতা’। সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় তার অবদান দেশে ও প্রবাসে সমানভাবে সমাদৃত বলে উল্লেখ করা হয়।