
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্মরণে কুয়েতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) কুয়েত সিটির একটি হোটেলে ‘কুয়েত বৃহত্তর চট্টগ্রাম প্রবাসী’দের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সংগঠনের নেতা ফয়েজ কামালের সভাপতিত্বে এবং নূরউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তারা মরহুম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তাঁর দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন বক্তারা।
স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম, রহিম উদ্দিন ভূঁইয়া, মুরাদুল হক চৌধুরী মুরাদ, মো. শামসু হক ও মোহাম্মদ কামাল হোসেনসহ কুয়েতে বসবাসরত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ১৩ মে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।