ওলসা নর্থ আমেরিকার পারিবারিক বনভোজন

ডেস্ক রিপোর্ট
  ২২ জুন ২০২৬, ১৫:২০

ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন (ওলসা) নর্থ আমেরিকা-এর উদ্যোগে শনিবার (২০ জুন) নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পারিবারিক বনভোজন। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা ল্যাবরেটরিয়ান এবং তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে পুরো পার্কজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সকাল থেকেই নিবন্ধন, শুভেচ্ছা বিনিময় এবং দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের আবেগঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে বনভোজনস্থল। অনেকেই পরিবার-পরিজন ও নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে অংশ নেন এই আয়োজনে। ফলে এটি শুধু প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাই নয়, বরং এক আন্তঃপ্রজন্মের পারিবারিক উৎসবে পরিণত হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা এবং বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের সমাহার। দূর দেশে বিভিন্ন পেশায় প্রতিষ্টিত স্কুলের এসব প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণকারীরা স্মৃতিচারণের পাশাপাশি একে অপরের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ পান।
পার্কের খোলা আকাশের নিচেই চলছিল দেশীয় খাবার রান্নার আয়োজন। বিরিয়ানি, ভুনা, কাবাবসহ নানা পদের খাবারের মৌ-মৌ গন্ধে যেন পুরো পার্কজুড়ে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের আবহ। খাবারের অপেক্ষার ফাঁকে নারীরা মেতে ওঠেন তাঁদের প্রিয় বালিশ খেলায়, আর পুরুষ ও তরুণরা অংশ নেন ফিফা বিশ্বকাপের আবহে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায়। শিশুদের হাসি, বড়দের আড্ডা আর মাঠের খেলায় বনভোজনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনোৎসব।
এদিকে সারাদিনই পার্কজুড়ে একটি প্রশ্নই বারবার শোনা যাচ্ছিল— "আপনি কোন ব্যাচের?" কেউ বলছিলেন '৭০ ব্যাচ, কেউ '৮৮, কেউ '৯৯, আবার কেউ বা '১৬। এখানে ব্যাচ বলতে সবাই নিজেদের এসএসসি পাসের সাল জানাচ্ছিলেন। সেই পরিচয়ের মধ্য দিয়েই একের পর এক প্রজন্মের মানুষের মধ্যে তৈরি হচ্ছিল নতুন সংযোগ, পুরোনো স্মৃতির পুনর্জাগরণ। কয়েক দশকের ব্যবধান যেন মুহূর্তেই মিলিয়ে যাচ্ছিল একই বিদ্যালয়ের পরিচয়ে।
ওলসা নর্থ আমেরিকার নেতৃবৃন্দ বলেন, উত্তর আমেরিকায় বসবাসরত ল্যাবরেটরিয়ানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও বন্ধন আরও সুদৃঢ় করতেই নিয়মিত এ ধরনের আয়োজন করা হচ্ছে। তাঁদের ভাষায়, প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যেও এমন পারিবারিক মিলনমেলা শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিতই করে না, নতুন প্রজন্মের কাছেও বিদ্যালয়ের ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।
ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন (ওলসা) দীর্ঘদিন ধরে ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নেটওয়ার্কিং এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ওলসা নর্থ আমেরিকা সংগঠনটির অনুমোদিত আঞ্চলিক শাখা হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের এক ছাতার নিচে নিয়ে আসার কাজ করে যাচ্ছে।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। মহান মুক্তিযুদ্ধেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানের হাজারো প্রাক্তন শিক্ষার্থী দেশ-বিদেশে শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা, প্রশাসন, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বনভোজনে অংশ নিতে ইন্ডিয়ানা থেকে নিউইয়র্কে ছুটে আসেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাসুম মাহবুব। তিনি বলেন, "এ ধরনের আয়োজন উত্তর আমেরিকায় বসবাসরত ল্যাবরেটরিয়ানদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করে। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজেদের বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও উত্তরাধিকার তুলে ধরার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
দিন শেষে বিদায়ের আগে অনেকের মুখেই ছিল একই কথা— "আবার দেখা হবে, আগামী বনভোজনে।" প্রবাসের ব্যস্ত জীবনে কয়েক ঘণ্টার এই মিলনমেলা যেন সবার মনেই ফিরিয়ে আনল স্কুলজীবনের সেই নির্ভার দিনগুলোর স্মৃতি।