দুর্ঘটনার পর অস্ত্রোপচার, এখন কেমন আছেন নুসরাত

ডেস্ক রিপোর্ট
  ১২ অক্টোবর ২০২৬, ১৪:২৭

কদিন আগে ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন নুসরাত ভারুচা। দুর্ঘটনার সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বলিউড অভিনেত্রীকে। চিকিৎসকরা জানিয়েছিলেন মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে এই অভিনেত্রীর। এরপর দ্রুত ইন্দোনেশিয়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে মুম্বাই ফিরিয়ে আনা হয়।
মুম্বাইয়ে ফেরার পর অস্ত্রোপচার করা হয়েছে এই অভিনেত্রীর। অস্ত্রোপচারের পর নুসরাত ভারুচা কেমন আছেন? আবার কবে নাগাদ কাজে ফিরতে পারবেন? এমন অনেক প্রশ্ন জন্ম নিয়েছে অনুরাগীদের মনে।
অবশেষে ভক্ত-অনুরাগীদের সেই কৌতূহল কিছুটা লাঘব হয়েছে শনিবার সামাজিক মাধ্যমে নুসরাতের দেওয়া একটি পোস্ট থেকে। আজকাল, সংবাদ প্রতিদিনসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে অভিনব কায়দায় নুসরাত তাঁর অনুরাগীদের এবার জানিয়ে দিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি এবং এখনও তাঁর অনেক কাজ করা বাকি।
পোস্টে সূর্যান্তের সময় জানালার পাশে রাখা একটি খালি হুইল চেয়ারের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বহুদিন ধরেই সূর্যান্ত তাড়া করে বেড়াচ্ছি, কিন্তু হঠাৎ করেই আমার সামনের দৃশ্যটা বদলে গেল। তবুও বলব, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’।

আরও জানিয়েছেন, সময় কীভাবে আচমকা মানুষের জীবন ও বাস্তবতা বদলে দেয়। বর্তমানে শারীরিক সুস্থতা পুরোপুরি না থাকলেও তিনি আশা হারাননি। নুসরাতের এই পোস্টেই স্বস্তি ফিরে এসেছে তাঁর ভক্তদের মাঝে। 
প্রসঙ্গত, শুটিংয়ের পাশাপাশি ব্যক্তিগত ছুটি কাটানোর জন্য ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানে তিনি সিনেমার শুটিং করেছিলেন, তাঁর গল্প, চরিত্র ও সহশিল্পী নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। সিনেমার নুসরাতের সহশিল্পী হিসেবে থাকছেন টাইগার শ্রফ। এটি এই দুই তারকার প্রথম সিনেমা।
নির্মাতারা জানিয়েছেন, সিনেমায় নুসরাতের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। চরিত্রটিতে দৃঢ়তা এবং আবেগ, দুটোই ফুটিয়ে তোলা হচ্ছে। সিনেমায় নুসরাত ও টাইগার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এলবিশ যাদব প্রমুখ।