
কৃষ্ণসাগরের তলদেশ দিয়ে তুরস্ক অভিমুখী রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন— তুর্কস্ট্রিম (TurkStream) এবং ব্লু স্ট্রিম (Blue Stream)-এ নাশকতার চেষ্টা হতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মস্কোতে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (FSB)-এর এক সভায় তিনি এই আশঙ্কার কথা জানান। রাশিয়ার ইউক্রেন অভিযানের চতুর্থ বার্ষিকীতে আয়োজিত এই সভায় পুতিন কৌশলগত অবকাঠামোগুলোর নিরাপত্তা বহুগুণ বাড়ানোর নির্দেশ দেন।
পুতিন জানান, রাশিয়ার আন্ডারওয়াটার গ্যাস অবকাঠামোতে বড় ধরণের হামলার পরিকল্পনা সংক্রান্ত তথ্য তাদের হাতে এসেছে। তার মতে, এই সম্ভাব্য হামলার উদ্দেশ্য হল ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে চলমান আলোচনা বা সমঝোতাকে বাধাগ্রস্ত করা।
রুশ ও তুর্কি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পুতিন এই হুমকির পেছনে সরাসরি ইউক্রেনকে দায়ী না করলেও, যুদ্ধের শুরু থেকেই মস্কো তাদের কৌশলগত স্থাপনাগুলোতে ইউক্রেনীয় হামলার অভিযোগ করে আসছে।
হামলার পরিকল্পনা প্রসঙ্গে শঙ্কা প্রকাশ করে পুতিন বলেন, ‘আমাদের জ্বালানি এবং পরিবহন অবকাঠামোগুলোকে আরও শক্তিশালী সুরক্ষার আওতায় নিয়ে আসা উচিত।’
পাইপলাইন দুটির গুরুত্ব
তুর্কস্ট্রিম ও ব্লু স্ট্রিম- এই দুটি পাইপলাইনই কৃষ্ণসাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে সরাসরি তুরস্কে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়ার জন্য নির্মিত হয়েছে। রুশ প্রেসিডেন্ট এফএসবি-কে নির্দেশ দিয়েছেন যেন তারা সাগরের তলদেশে অবস্থিত এই দীর্ঘ পাইপলাইনগুলোতে কোনো প্রকার বিস্ফোরণ বা নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করে।
পুতিনের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বিদ্যমান এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা চরমে।
সূত্র: ডেইলি নিউজ