সুদানে ড্রোন হামলায় ছয় শিশুসহ ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২৬, ২৩:২০

সুদানের দারফুর অঞ্চলে ড্রোন হামলায় ছয় শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) চিকিৎসা সূত্র ও স্থানীয় কর্মীরা সংবাদমাধ্যম এএফপিকে তথ্যটি জানায়।  উত্তর দারফুর অঙ্গরাজ্যের আধাসামরিক বাহিনী নিয়ন্ত্রিত কুতুম শহরে বুধবার এই হামলার ঘটনা ঘটে। 
একটি চিকিৎসা সূত্র এএফপিকে জানায়, শহরের একটি হাসপাতালে ১২ জনের মরদেহ আনা হয়েছে।  নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে, যাদের মধ্যে তিনজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। হামলায় নারী ও শিশুসহ আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
গণতন্ত্রপন্থি সংগঠন আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি জানায়, হামলাটি আল-সালামা এলাকায় আল-উম গার্লস স্কুলের কাছে সংঘটিত হয়। এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করে তারা। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে।

সূত্র: আরব নিউজ