পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানি প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ এপ্রিল ২০২৬, ১২:০৬

ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বাধী মার্কিন প্রতিনিধি দল। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ২-তে চেপে গতকাল শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা হয় মার্কিন প্রতিনিধি দলটি। দলে ভ্যান্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।
অপরদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির চতুর্থ দিনে, উত্তেজনা নিরসনে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। খবর সিয়াসাত ডেইলির। 
ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, গালিবাফের নেতৃত্বে এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেমমাতি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলি আকবর আহমাদিয়ান, উপ-পররাষ্ট্রমন্ত্রী কজেম ঘারিভাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রমুখ।
স্পিকার গালিবাফ আলোচনার ব্যাপারে একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, প্রতিনিধি দল ‘আশা নিয়ে এলেও আমেরিকান সমকক্ষদের বিশ্বাস করে না’। তিনি আরও যোগ করেন যে, যুক্তরাষ্ট্র যদি সদিচ্ছা দেখায় তাহলে ইরান চুক্তিতে সম্মত হতে প্রস্তুত, তবে অতীতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের তিক্ত অভিজ্ঞতা তাদের সন্দিহান করে তুলেছে।