
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, গণমাধ্যমে প্রবেশাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এগুলো মৌলিক মানবাধিকার। রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক বিবৃতিতে এ কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব থাকতে পারে না। স্বাধীন গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর।
ইইউ জানায়, আন্তর্জাতিক আইন সুস্পষ্ট; সাংবাদিকদের অবশ্যই সর্বদা সুরক্ষা দিতে হবে। তারা যেন কোনো অযাচিত হস্তক্ষেপ, সহিংসতার ভয়, হয়রানি, ভীতি প্রদর্শন, নিপীড়ন বা বহিষ্কারের আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে তাদের কাজ করতে পারেন।
সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে সাংবাদিকরা নৃশংসতা এবং সম্ভাব্য যুদ্ধাপরাধসহ যুদ্ধের বাস্তবতার ওপর আলোকপাত করেন।
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
প্রতি বছর এই দিনে সারা বিশ্বে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে।