
উন্নত জীবনযাপনের আশায় সমুদ্র পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রাণ হারালের মরক্কোর নারী ফুটবলার ফাতেন বিন ওমর আল আজিজি। স্প্যানিশ এনক্লেভ সিউতায় পৌঁছানোর চেষ্টাকালে প্রাণ হারান তিনি।
ইতোমধ্যে তার দাফন সম্পন্ন হয়েছে, যেখানে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন শত শত শোকার্ত মানুষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, যেদিন ফাতেন মৃত্যুবরণ করেন, ঠিক সেই দিনই তার কাঙ্ক্ষিত শেনজেন ভিসা অনুমোদিত হয়েছিল। বৈধ উপায়ে ইউরোপ ভ্রমণের ছাড়পত্র পাওয়ার দিনেই অবৈধ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে তার জীবনপ্রদীপ নিভে যায়।
উত্তর আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম জনপ্রিয় কিন্তু ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত সিউতা সীমান্ত। প্রতিবেদন অনুযায়ী, ফাতেনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে একই পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে বেশ কয়েকজন অভিবাসীর প্রাণহানি ঘটেছে।