
শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে ইরান সরে আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এমনটাই জানান তিনি।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান আলোচনার জন্য যেমন প্রস্তুত, তেমনি আগ্রাসীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে আত্মরক্ষার জন্যও সম্পূর্ণ প্রস্তুত।
ইরানের প্রেসিডেন্ট বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন।
মেহের নিউজ এজেন্সি জানায়, ভাষণের শুরুতে পেজেশকিয়ান আয়াতুল্লাহ আলী খামেনি ও মিনাবের সেই স্কুলশিক্ষার্থীদের ছবি তুলে ধরেন, যারা যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনের প্রথম দিনে নিহত হয়।
তিনি জানান, যুক্তরাষ্ট্র লামের্দ এলাকায় ইরানি শিশুদের ওপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল। তিনি বলেন, তারা ইরানকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করে, অথচ তারাই নিজেরা জঘন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
তিনি বলেন, ‘গত ২০০ বছরে ইরান কোনো দেশ আক্রমণ বা দখল করেনি, তবে সর্বদা দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করেছে।’
পেজেশকিয়ান বলেন, ‘শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরান ত্যাগ করবে না।’
ইরান আত্মরক্ষার জন্য প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, ‘বোমা বা আগ্রাসনের মাধ্যমে প্রতিরোধকে পরাজিত করা যায় না। তারা ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, কিন্তু তারা জেনেছে যে ইরানিরা যুদ্ধকে ভয় পায় না।’
পেজেশকিয়ান বলেন, ‘ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, অথচ আইএইএর পরিদর্শকরা ইরানে আসার জন্য তৎপরতা চালাচ্ছে।’
তিনি বলেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও কোনো ধরনের জোর-জবরদস্তি বা ধমকের ভাষা মেনে নেবে না।