নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার, চীনে নামল ইরানি বিমান

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৮

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই চীনে অবতরণ করেছে ইরানের মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্যের বরাতে এএফপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তেহরান থেকে ছেড়ে যাওয়া মাহান এয়ারের একটি ফ্লাইট চীনের গুয়াংজুতে অবতরণ করে। তবে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে ওই ফ্লাইটের অবতরণের তথ্য পাওয়া যায়নি।
এমন সময় বিমানটি চীনে অবতরণ করার খবর আসল, যখন ইরানের বিমান পরিবহন খাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানি বিমানকে ‘ল্যান্ডিং সার্ভিস’ বা অবতরণ-সংক্রান্ত সুবিধা দেবে, তাদের ‘ডলার ব্যবস্থার বাইরে ছুড়ে দেওয়া হবে’। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে তেহরান থেকে বাগদাদ, মাসকাট ও আঙ্কারাগামী ফ্লাইট বাতিল করা হবে।
মাহান এয়ার এর আগেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে। ফলে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারির মধ্যেই চীনে ইরানি বিমানটির অবতরণ দুই দেশের মধ্যে বিমান চলাচল ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।