
"মন বাগানে লেখা এক জীবন"-
সেলিনা পারভীন
আমার লেখার কলম হবে তুমি,
নীরবতায় ভেজা সব কথা লিখবে
অপ্রকাশিত অনুভূতিরা
তোমার কালিতে রঙ খুঁজে নেবে।
লেখা কথার গল্প হবে তুমি,
প্রতিটা লাইনে জেগে উঠবে জীবন
হাসি-কান্নার মিশেলে গড়া
আমার ছোট্ট এক জগৎ তখন।
আমার দুঃখ বিলাস বাগানের মালি হবে?
ভাঙা মনটার আগাছা তুলে
নতুন করে সাজাবে স্বপ্নের ডালি
শুকনো পাতায় দেবে সবুজের ছোঁয়া।
খুব যত্ন করে বাগানটাকে
নিজের মতো আগলে রাখবে,
চোখে চোখে রাখবে প্রতিটা ফুল
কেউ যেন চুরি করে না নিয়ে যায়
আমার ভালোবাসার সুবাস।
যদি কখনো ঝড় নামে জীবনে,
তুমি হবে সেই নীরব পাহারা,
আমার সব হারানো রঙগুলোকে
আবার ফিরিয়ে দেবে তোমারই আদরে।
বলতো-
আমার কলম, আমার গল্প,
আমার বাগানের সেই মালি হয়ে
চিরদিন থাকবে তো পাশে?