
চলতি বছরের জানুয়ারিতে ৫,৯৭৩ জন আন্তর্জাতিক পুরুষ ফুটবলারের দলবদল হয়েছে, যা একটি নতুন রেকর্ড বলে জানিয়েছে ফিফা। তবে এর আগে কোন বছরের দলবদলের রেকর্ডটি ছিল, তা তারা প্রকাশ করেনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, গত বছরের তুলনায় পুরুষ ফুটবলের দলবদল ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে লেনদেনের সব কাজই ফিফার তত্ত্বাবধানে হয়েছে। তবে এই জানুয়ারি উইন্ডোতে অর্থ খরচের দিক থেকে গত বছরের তুলনায় ১৮ শতাংশ কম খরচ হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে দলবদলের জন্য খরচের পরিমাণ ছিল ১.৯৫ বিলিয়ন ডলার, যা ২০২২ সালের চেয়ে ২০ শতাংশ বেশি।
এছাড়া এই জানুয়ারিতে নারী ফুটবলের দলবদলে ১০ মিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে, যা গত বছরের তুলনায় ৮৫ শতাংশ বেশি। তবে নারী ফুটবলের ক্ষেত্রে খেলোয়াড়ের সংখ্যা ৬ শতাংশ (৪২০ জন) কমেছে। ফিফার এই গবেষণায় এক দেশের ক্লাবগুলোর মধ্যে দলবদল অন্তর্ভুক্ত হয়নি।
জানুয়ারির দলবদলে ইংল্যান্ডের ক্লাবগুলো সর্বোচ্চ ৩৬৩ মিলিয়ন ডলার খরচ করেছে এবং ১৫০ মিলিয়ন ডলার আয় করেছে। খরচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি (২৪৩ মিলিয়ন ডলার), এরপর যথাক্রমে ব্রাজিল, জার্মানি এবং ফ্রান্স।
দলবদলের লাভের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স (২১৮ মিলিয়ন ডলার), তারপর ইতালি, ব্রাজিল, ইংল্যান্ড এবং স্পেন। যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো এই সময় ৯৯ মিলিয়ন ডলার খরচ করেছে এবং ৪৮ মিলিয়ন ডলার আয় করেছে। ইংলিশ নারী ক্লাবগুলো ৫ মিলিয়ন ডলার খরচ করেছে এবং বড় লাভের তালিকাতেও রয়েছে।