
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানের বড় হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথ কিছুটা কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য। টানা তিন জয়ে ভারত যেখানে নির্ভার হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে, সেখানে বাবর আজমদের তাকিয়ে থাকতে হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে।
গ্রুপ ‘এ’-তে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ফলাফল যাই হোক, ভারতের সুপার এইট নিশ্চিত। এমনকি বড় ব্যবধানে হারলেও তাদের শীর্ষস্থান নড়চড় হওয়ার সম্ভাবনা নেই। আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার এইটের গ্রুপিং আগে থেকেই নির্ধারিত থাকায় শীর্ষস্থান নিয়ে বাড়তি কোনো সুবিধাও নেই।
ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে পাকিস্তানের নেট রানরেট এখন যুক্তরাষ্ট্রের চেয়েও নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্র তাদের সব ম্যাচ খেলে ফেলেছে। ফলে শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে।
নামিবিয়ার বিপক্ষে পাকিস্তান জিতলে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি সুপার এইটে। যদি ম্যাচ পরিত্যক্ত হয় দুই দল ১ পয়েন্ট করে পাবে। তখন ৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান পরের রাউন্ডে যাবে। যদি পাকিস্তান হারে, ৪ পয়েন্টেই আটকে থাকবে তারা। নেট রানরেট যুক্তরাষ্ট্রের চেয়ে কম হওয়ায় তখন বিদায় নিতে হবে পাকিস্তানকে, আর সুপার এইটে যাবে যুক্তরাষ্ট্র।
নামিবিয়া কাগজে-কলমে দুর্বল হলেও অঘটনের ক্ষমতা রাখে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই। তারা তাকিয়ে আছে নামিবিয়ার দিকে। নামিবিয়া যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তবেই কেবল যুক্তরাষ্ট্রের সুপার এইটের দরজা খুলবে।
অন্যদিকে নেদারল্যান্ডসের পথ অনেকটাই রুদ্ধ। তাদের সুপার এইটে যেতে হলে ভারতের বিপক্ষে অকল্পনীয় বড় ব্যবধানে জিততে হবে এবং একই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন পাকিস্তান নামিবিয়ার কাছে হারে। সব মিলিয়ে ‘এ’ গ্রুপের শেষটা এখন রোমাঞ্চকর মোড় নিয়েছে।