মিডল অর্ডারে অস্বস্তি কাটেনি মিরাজদের

স্পোর্টস ডেস্ক
  ১৪ এপ্রিল ২০২৬, ১৮:২২

জিম রানিং ও ফিল্ডিং দিয়ে শুরু হয়েছিল কন্ডিশনিং ক্যাম্প। প্রতিটি সেশনেই ছিল বৈচিত্র্য। বিশেষ করে জেমস প্যামেন্টের ফিল্ডিং ক্লাস ছিল মুগ্ধ করার মতো। ট্রেনার ইফতেখার রহমান ইফতিও বৈচিত্র্য এনেছিলেন ফিটনেস অনুশীলনে। ক্রিকেট স্কিলের সঙ্গে রানিংয়ের মেলবন্ধন ঘটিয়েছিলেন তিনি। ২৭ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত কন্ডিশনিং অনুশীলনে উৎসবের একটা বাতাবরণ ছিল। 
খেলার ছলে ক্রিকেটারদের মধ্যে হয়েছে প্রতিযোগিতা। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া স্কিল ক্যাম্পে লম্বা সেশন দেখা গেছে। এই ক্যাম্পে নতুন যোগ হয়েছে স্পিন বোলিং মেশিন। যেটাকে জয় করতে সৌম্য সরকার, তাওহীদ হৃদয়দের প্রাণান্ত লড়াই ছিল। সব শেষে হয়েছে ম্যাচ সিনারিও প্র্যাকটিস। 
প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে অনুশীলন খুবই সুনির্দিষ্ট ছিল। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অনুশীলনে শৃঙ্খলা দেখতে পেয়েছেন। গতকাল ক্যাম্পের শেষদিন মেহেদী হাসান মিরাজরা নিজেদের মধ্যে ভাগ হয়ে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন। যেখানে সাইফ হাসান সেঞ্চুরি হাঁকিয়ে গা গরম করেছেন নিউজিল্যান্ড সিরিজের জন্য। নাজমুল হোসেন শান্ত কন্ডিশনিং ক্যাম্প শুরুর দিন থেকে ব্যাটিং করেছেন ইনডোরে। আউটারে মাহিদুল ইসলাম অংকনকে দেখা গেছে নিবিড় অনুশীলনে। এই সেশনগুলো ছিল কোচের দেওয়া পরিকল্পনার বাইরে। সাইফ হাসান একাডেমি মাঠের নেটে ঘাম ঝরিয়েছেন। এককথায় সুনির্দিষ্ট অনুশীলন হওয়ায় প্রস্তুতিতে ঘাটতি নেই। 
গতকাল সোমবার সমকালকে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, “খুবই চমৎকার প্রস্তুতি হয়েছে। সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটারদের অনুশীলন হয়েছে। ৩৬ জন ক্রিকেটার ছিল। ক্যাম্পে। ফিল্ডিং আলাদা, জিম, রানি, স্কিল ট্রেনিং ছিল। আজ (সোমবার) একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছি। আর দুই-একটা ম্যাচ খেলতে পারলে ভালো হতো।' 
মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলামরা ছাড়া মেহেদী হাসান মিরাজের 'এ' দলে ছিলেন মূল একাদশের ক্রিকেটাররা। সৌম্য সরকারের ‘বি’ দলে ছিলেন বাকিরা। গা গরমের এই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ২৯২ রান করেছে ‘এ' দল। এই রানের বড় অংশ এসেছে ওপেনার সাইফের ব্যাট থেকে। ১৩৩ বলে ১৩৮ রানে অপরাজিত তিনি। ৬টি চার ও ৮টি ছয়ে সাজানো সাইফের ইনিংস। এই একজন ছাড়া বাকিরা ২০ আর ৩০-এর কোটায় আটকে গেছেন। তাওহীদ হৃদয় ২৫, আফিফ হোসেন ৩৪, তানজিম হাসান সাকিব ২৭ রান করেন। 
সাইফের কারণে দলের সংগ্রহ ভালো দেখালেও ব্যাটিংয়ের দুশ্চিন্তা মাথায় নিয়েই সিরিজে যেতে হচ্ছে মিরাজদের। হাবিবুল বাশার দায়িত্ব নেওয়ার আগে থেকেই কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচিত ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে খেলা ১৫ জনের দল অপরিবর্তিত রেখেছে বাশারের নির্বাচক প্যানেল। 
কিউইদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “নির্দিষ্ট অনুশীলন হয়েছে। সাধারণত সাদা বলের খেলা থাকলে লাল বলের প্র্যাকটিস কম হয়। এবার লাল বলের প্র্যাকটিসটাও ভালো হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সংস্করণ আছে। ওটার জন্য যথেষ্ট প্র্যাকটিস হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় ভালো প্রস্তুতি হয়েছে।' প্রস্তুতি ভালো হলেও মিরাজদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে না নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দল নিয়ে আসায়। গতকাল রাতে দুই ভাগে সিরিজ খেলতে এসেছে কিউইরা। 
এই দলটিকে দ্বিতীয় সারির বলা হলেও সতর্ক বার্তা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল, ‘নিউজিল্যান্ড দল র‍যাঙ্কিংয়ে দুই নম্বরে আছে। যে দল বিশ্বের দ্বিতীয় সেরা, তাদের দ্বিতীয় দলও ভালো। তাদের হালকাভাবে নেওয়া যাবে না। বিকল্প দলে যারা খেলে, তারা আরও বিপজ্জনক হয়। তাদের হারানোর কিছু থাকে না। এ ছাড়া অপরিচিত ক্রিকেটারদের খেলা কঠিন।'