
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশাজনক সূচনা করেছে ব্রাজিল। তবে এমন ফলাফলে উদ্বিগ্ন নন দলের কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নেমে আগের ভুলগুলো শুধরে আরও ভালো ফুটবল খেলবে সেলেসাওরা।
শুক্রবার ভোরে গ্রুপ ‘সি’-এর ম্যাচে ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে আসা হাইতির বিপক্ষে কাগজে-কলমে স্পষ্ট ফেবারিট ব্রাজিল।
মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শুরুতেই ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ে আনচেলত্তির দল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক গোলে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।
হাইতি ম্যাচের আগে দল নিয়ে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, একাদশে কিছু পরিবর্তন আনা হতে পারে। তবে ব্যাপক রদবদলের পরিবর্তে নির্দিষ্ট কয়েকটি জায়গায় সমন্বয় করার দিকেই নজর দিচ্ছেন তিনি।
ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমরা কিছু পরিবর্তন আনব। দলের ভারসাম্য ও খেলার ধরন আরও উন্নত করতে হবে। আমরা আরও ভালো খেলতে সক্ষম এবং সেটাই আমাদের লক্ষ্য।’
আনচেলত্তির মতে, প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার পেছনে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সির মানসিক চাপও ভূমিকা রেখেছে।
তার ভাষায়, ‘প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি, তা কিছুটা অপ্রত্যাশিত ছিল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের জার্সি পরে খেলার বাড়তি চাপ হয়ত ফুটবলারদের ওপর প্রভাব ফেলেছে।’
তবে একটি ম্যাচের ফলাফল দিয়ে পুরো টুর্নামেন্ট বিচার করতে নারাজ ব্রাজিল কোচ। মরক্কোর বিপক্ষে যারা নিজেদের সেরাটা দিতে পারেননি, তাদের ওপরও আস্থা রাখছেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘ভালো শুরু করা গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়। প্রথম ম্যাচে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। আমাদের কেউই সেদিন সেরাটা খেলতে পারেনি। তবে আমার বিশ্বাস, বিশ্বকাপের প্রথম ম্যাচ কখনোই পুরো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে না।’