
বিশ্বকাপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এই ম্যাচে নামার আগে ব্রাজিল দলে স্বস্তির খবর দিয়েছে, নেইমারের ফিরে আসার খবর। ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে নামছেন, সেটা অনেকটাই নিশ্চিত।
পরিসংখ্যানও ব্রাজিলের হয়ে কথা বলছে। বিশ্বকাপে যুক্তরাজ্যের দলগুলোর বিপক্ষে ব্রাজিলের সাফল্যের হার ৮৬.৭ শতাংশ। ইউরোপের সব দলের বিপক্ষে এই হার ৬৫.৪ শতাংশ।
আজ বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত চারটায় বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য সেলেসাওদের অন্তত একটি ড্র প্রয়োজন। আর বিশ্বকাপে যুক্তরাজ্যের দলগুলোর বিপক্ষে তাদের ইতিহাস যদি কোনো ইঙ্গিত দেয়, তাহলে যোগ্যতা অর্জন নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই।
বিশ্বকাপে গ্রেট ব্রিটেনের দলগুলোর বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে তারা কখনও হারেনি। তাদের রেকর্ড ৮টি জয় ও ২টি ড্র।।
ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডই সেই দল, যার বিপক্ষে ব্রাজিল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। দুই দলের মুখোমুখি হয়েছে চারবার, যেখানে ব্রাজিলের অর্জন ৩টি জয় ও ১টি ড্র। একইভাবে ইংল্যান্ডের বিপক্ষেও ব্রাজিলের রেকর্ড ৩টি জয় ও ১টি ড্র। এছাড়া ব্রাজিল পরাজিত করেছে ওয়েলসকে (১৯৫৮ সালে ১-০) এবং উত্তর আয়ারল্যান্ডকে (১৯৮৬ সালে ৩-০)।
যুক্তরাজ্যের কোনো দলের বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ ম্যাচ ছিল ২০০২ সালে। নিজেদের পঞ্চম বিশ্বকাপ জয়ের পথে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ম্যাচে প্রথমে গোল করেন মাইকেল ওয়েন। পরে রিভালদো ও রোনালদিনহো গাউচোর গোলে ম্যাচ জিতে নেয় লুইজ ফেলিপে স্কোলারির দল।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচগুলো ছিল
১৯৭৪: ব্রাজিল ০-০ স্কটল্যান্ড
১৯৮২: ব্রাজিল ৪-১ স্কটল্যান্ড
১৯৯০: ব্রাজিল ১-০ স্কটল্যান্ড
১৯৯৮: ব্রাজিল ২-১ স্কটল্যান্ড
তবে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকলেও একটি অদ্ভুত কাকতালীয় বিষয় হলো, এই দলটিকে হারিয়ে কোনোবারই বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল।
এ যেন শাখের করাতের মতো বিপদ। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন। কিন্তু তখন আবার পেছনে ফেলতে হবে আরেক রেকর্ডকে, স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতার ইতিহাস গড়তে হবে ব্রাজিলকে।