চাকরি ছাড়লেন বাংলাদেশের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
  ২৫ জুন ২০২৬, ১৪:২৯

নেদারল্যান্ডস ক্রিকেটে স্মরণীয় এক অধ্যায়ের ইতি টানলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ রায়ান কুক। ডাচ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)। মূলত পারিবারিক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন কুক।
সম্প্রতি তার সঙ্গিনী এমা দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ফলে স্ত্রীর পাশে থাকতেই আপাতত কোচিং দায়িত্ব থেকে সরে আসছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটেও পরিচিত মুখ রায়ান কুক। ২০১৮ সাল থেকে প্রায় সাড়ে তিন বছর তিনি বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এরপর বাংলাদেশ ছেড়ে যোগ দিয়েছিলেন নেদারল্যান্ডস দলে। খেলোয়াড়ি ক্যারিয়ারে স্বীকৃত পর্যায়ে না খেললেও কোচিং ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দল দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেন রায়ান কুক। এরপর দেশটির ‘এ’ দলের সঙ্গেও কাজ করেন তিনি। প্রোটিয়া দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের কোচিং স্টাফে যুক্ত হন এই কোচ। এরপর নেদারল্যান্ডসে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নিয়ে পরে স্থায়ী প্রধান কোচ হন।
রায়ান কুকের অধীনে দারুণ সাফল্য পেয়েছে ডাচ ক্রিকেট। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখায় নেদারল্যান্ডস। এই কোচের মেয়াদেই ১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয় দলটি। এরপর ২০২৩ আসরে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে আলোচনায় আসে তারা।
রায়ান কুক স্বীকৃত ক্রিকেট না খেললেও তার পরিবার ক্রিকেটে সমৃদ্ধ। বাবা জিমি কুক এবং বড় ভাই স্টিভেন কুক দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। স্টিভেন কুক টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে ১১ টেস্টে তিনটি শতরান করেছেন। তবে পেশাদার ম্যাচ না খেলেই কোচিংয়ে বেশ উজ্জ্বল রায়ান কুক।