ফাইনালের আগে মাঠে কেন মুদ্রা পুঁতে রেখেছিলেন কুকুরেয়া?

স্পোর্টস ডেস্ক
  ২১ জুলাই ২০২৬, ২৩:২৪

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে নামার আগে মাঠের ঘাসের নিচে একটি মুদ্রা পুঁতে রেখেছিলেন মার্ক কুকুরেয়া। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিশ্বকাপ জয়ের পর এমনই এক ‘গোপন রহস্য’ প্রকাশ করেছেন দেশটির সাবেক তারকা লেফট-ব্যাক জোয়ান ক্যাপদেভিলা।
রোববার নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচে স্পেনের লেফট-ব্যাক কুকুরেয়া ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। বিশেষ করে লিওনেল মেসিকে কার্যকরভাবে আটকে রেখে স্পেনের রক্ষণকে শক্তিশালী করেন তিনি।
ম্যাচের পর সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করে ক্যাপদেভিলা জানান, ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের আগে তিনিও মাঠের ঘাসের নিচে একটি মুদ্রা পুঁতে রেখেছিলেন। সেই একই কাজ এবার ফাইনালের আগে কুকুরেয়াকেও করতে বলেছিলেন।
পোস্টে ক্যাপদেভিলা লেখেন, ‘এবার একটি গোপন কথা বলি। ২০১০ সালে ফাইনালের আগে আমি একটি মুদ্রা মাঠে পুঁতে রেখেছিলাম। এই গল্প আমি বহুবার বলেছি। এবার আমি কুকুরেয়াকেও একই কাজ করতে বলেছিলাম। মার্ক, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন!’
এরআগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচ শুরুর আগে কুকুরেয়া মাঠের এক পাশে গিয়ে ঘাসের নিচে একটি মুদ্রা রেখে আসছেন।
এই রীতির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে ক্যাপদেভিলা ও কুকুরেয়া দুজনই বিশ্বাস করেন, এটি সৌভাগ্যের প্রতীক।
মজার বিষয় হলো, ২০১০ সালের মতো এবারও অতিরিক্ত সময়ের গোলেই বিশ্বকাপ জিতেছে স্পেন। ১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় আন্দ্রেস ইনিয়েস্তার গোল নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেনকে প্রথম শিরোপা এনে দিয়েছিল। আর এবার নিউজার্সিতে ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলে হার মানে আর্জেন্টিনা।