নিজ শহরে ১০ গুলিতে নিহত ব্রাজিলের ফুটবলার

স্পোর্টস ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৬, ২৩:০৯

সাঁও পাওলোতে নিজ শহরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ব্রাজিলের ফুটবলার ফিলিপে দিয়োগো। ২১ বছর বয়সি এই ফরোয়ার্ড ব্রাজিলিয়ান ফুটবলের তৃতীয় বিভাগ ‘সেরি সি’র ক্লাব সাঁও বের্নার্দো এফসিতে খেলতেন। ‘ফাভেলা’ ডাকনামের এই ফুটবলার সাঁও পাওলোর দল সাঁও বের্নার্দোতে স্থায়ী ঠিকানা গড়ে তোলার আগে ব্রাজিলের অন্যতম শীর্ষ ক্লাব ক্রুজেইরো এবং বোতাফোগোর একাডেমিতে বেড়ে ওঠেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ছুটিতে নিজের শহর রিবেইরাও প্রেতোতে ফেরার পর মঙ্গলবার রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়। বন্দুকধারীর করা ১০টি গুলি তার গায়ে লাগে। পরবর্তীতে সিমিওনি ইমার্জেন্সি কেয়ার ইউনিটে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি। অপরাধস্থল খতিয়ে দেখার পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
নিজ শহরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ব্রাজিলের ফুটবলার ফিলিপে দিয়োগো। 
ঘটনার পর ক্লাবটির সামাজিক মাধ্যমে লেখা হয়, ‘আমাদের অ্যাথলেট ফিলিপে দিয়োগো বের্নার্দেস ফেরেইরার (ফিলিপে দিয়োগো) প্রয়াণের খবরে সাঁও বের্নার্দো ফুটবল ক্লাব গভীরভাবে শোকাহত। শোকের এই কঠিন মুহূর্তে ঈশ্বর তার পরিবারকে সহিষ্ণুতা দান করুন।’
দিয়োগোর নিজ এলাকার দল ‘ভিলা ভার্জিনিয়া’-ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। দলটি লিখেছে, ‘তার চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করেছে, যা তাকে চেনা এবং মাঠে তার প্রতিভার প্রশংসা করা প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছে। এই বিষাদের মুহূর্তে আমাদের চিন্তাজুড়ে রয়েছেন ফাভেলার পরিবার, তার ঘনিষ্ঠ বন্ধু এবং তার অসংখ্য ভক্ত।’
গত বছর সাঁও বের্নার্দোতে যোগ দিয়েই প্রথম মৌসুমে ক্লাবটিকে প্রমোশন পেতে সাহায্য করেন দিয়োগো। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১৮টি ম্যাচে মাঠে নেমে তিনি ৪টি গোল করেছিলেন, যার মধ্যে চলতি মৌসুমে খেলেছেন ৫টি ম্যাচ।