বিশ্বের দুর্বলতম পাসপোর্টের তালিকায় পাকিস্তান চতুর্থ 

ডেস্ক রিপোর্ট
  ২৮ জুলাই ২০২৬, ২১:৩৭

সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী পাকিস্তানের পাসপোর্ট বিশ্বের চতুর্থ দুর্বলতম পাসপোর্টের তালিকায় স্থান পেয়েছে। বৈশ্বিক সূচকে ১০১তম অবস্থানে থাকা এই সবুজ পাসপোর্টের ধারকরা বর্তমানে মাত্র ২৯টি গন্তব্যে ভিসা-মুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পেয়ে থাকেন। 
যুক্তরাজ্যভিত্তিক নাগরিকত্ব ও আবাসন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলে অ্যান্ড পার্টনার্স বিশ্বের ২২৭টি ভ্রমণ গন্তব্যের বিপরীতে ১৯৯টি ভিন্ন দেশের পাসপোর্ট তুলনা করে এই র‍্যাঙ্কিং তৈরি করে থাকে। মূলত পূর্বানুমতি ছাড়া অথবা পৌঁছানোর পর ভিসার সুবিধার ওপর ভিত্তি করেই এই স্কোর গণনা করা হয়।
সর্বশেষ এই সূচকে ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানের ঠিক ওপরে অবস্থান করছে পাকিস্তানের সবুজ পাসপোর্ট। অন্যদিকে পাকিস্তানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চীন ৬০তম, ভারত ৮১তম এবং ইরান ৯৬তম অবস্থানে রয়েছে। হেনলি ইনডেক্সের তথ্য অনুযায়ী, পাকিস্তানি পাসপোর্টধারীরা বর্তমানে বার্বাডোস, কুক দ্বীপপুঞ্জ, ডোমিনিকা, হাইতি, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, রুয়ান্ডা, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ, দ্য গাম্বিয়া, ত্রিনিদাদ ও টোবাগো এবং ভানুয়াতুতে ভিসা-মুক্ত প্রবেশাধিকার ভোগ করছেন।
এছাড়াও বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরোস, জিবুতি, গিনি-বিসাউ, মাদাগাস্কার, মালদ্বীপ, মোজাম্বিক, নেপাল, নিয়ু, পালাউ দ্বীপপুঞ্জ, সামোয়া, সেনেগাল, সিয়েরা লিওন, তিমুর-লেস্টে এবং টুভালুতে পৌঁছানোর পর ভিসা বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাওয়া যায়। পাশাপাশি কেনিয়া, সেশেলস এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে পাকিস্তানি নাগরিকরা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ পেতে সক্ষম।
বিশ্বের শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে ১৯২ স্কোর নিয়ে বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। এছাড়া যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাদের স্কোর ১৮৮ এবং তৃতীয় অবস্থানে থাকা সুইডেনের স্কোর ১৮৭।
সূত্র: জিও নিউজ।