এফবিআই প্রধানের ব্যক্তিগত ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা

ডেস্ক রিপোর্ট
  ২৮ মার্চ ২০২৬, ২২:১৫


মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ইনবক্স হ্যাক করার দাবি করেছে ইরান-ভিত্তিক হ্যাকাররা। তার কিছু ছবি ও জীবনবৃত্তান্ত অনলাইনে প্রকাশ করা হয়েছে। খবর রয়টার্সের।
এই হ্যাকিংয়ের পেছনে রয়েছে ‘হানদালা হ্যাক টিম’ নামে একটি হ্যাকার গ্রুপ। তারা জানিয়েছে, প্যাটেল ‘এখন সফলভাবে হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায় নিজের নাম দেখতে পাবেন।’ রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে হ্যাকারদের প্রকাশ করা ইমেইলগুলো যাচাই করতে পারেনি।
 তাদের পর্যালোচনায় দেখা গেছে, আপলোড করা তথ্যের মধ্যে ২০১০ থেকে ২০১৯ সালের ব্যক্তিগত ও দাপ্তরিক যোগাযোগের তথ্যের মিশ্রণ রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, প্যাটেলের ইমেইল হ্যাক হয়েছে, তবে বিস্তারিত কিছু জানাননি। এফবিআই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং হ্যাকাররাও যোগাযোগের জবাব দেয়নি।   
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ‘হানাদালা’ গ্রুপ একাধিক সাইবার হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ম্যালওয়্যার আক্রমণ। 
আরেক ঘটনায় হানাদালা গ্রুপ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৯০ জন ব্যক্তির নাম ও সংবেদনশীল তথ্য অনলাইনে প্রকাশ করে। সবশেষ এফবিআই প্রধানের ইমেইল হ্যাক করল গ্রুপটি। 
সিবিএস নিউজের প্রতিবেদন মতে, একটি অনলাইন পোস্টে হানাদালা গ্রুপ কাশ প্যাটেলের ইমেইলে সফল হামলার ঘোষণা দেয়। সেখানে তারা যুক্তরাষ্ট্র সরকারের মাধ্যমে তাদের ডোমেইন জব্দ করার বিষয়টি উল্লেখ করে এবং বলে, ‘এই হাস্যকর প্রদর্শনের জবাব আমরা এমনভাবে দিতে চেয়েছি, যা চিরদিন মনে রাখা হবে।’