
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের নিকটে সশস্ত্র এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ম্যাথিউ কুইন জানান, হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের নিরাপত্তা বলয়ের দায়িত্বে থাকা এজেন্টরা প্রথমে এক ব্যক্তিকে শনাক্ত করেন, যিনি আচরণে সন্দেহজনক ছিলেন এবং তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়। এজেন্টরা তার কাছে গেলে তিনি হেঁটে পালানোর চেষ্টা করেন এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এর জবাবে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সময় অল্প সময়ের জন্য হোয়াইট হাউসে নিরাপত্তাজনিত লকডাউন জারি করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছ দিয়ে এর কিছুক্ষণ আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর গাড়িবহর অতিক্রম করেছিল। তবে সন্দেহভাজন ব্যক্তির লক্ষ্য ওই গাড়িবহর ছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় এক কিশোর পথচারী গুলিবিদ্ধ হলেও তার আঘাত গুরুতর নয় এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিক্রেট সার্ভিস জানায়, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হোয়াইট হাউসের ভেতরে নয়, বরং কাছাকাছি ১৫তম স্ট্রিট ও ইন্ডিপেনডেন্স অ্যাভিনিউ এলাকায় ঘটে।
সম্প্রতি হোয়াইট হাউস করেসপন্ডেন্টস এসোসিয়েশনের ডিনারের সময় সংঘটিত একটি গুলির ঘটনার পর থেকে রাজধানীতে নিরাপত্তা সতর্কতা জোরদার রয়েছে। তবে এই দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করে দেখছে মার্কিন সিক্রেট সার্ভিস।