আরো জোরদার হবে অভিযান

বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে আইস

ডেস্ক রিপোর্ট
  ১৪ জুন ২০২৬, ১৪:১২

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন প্রয়োগের দায়িত্বে থাকা ফেডারেল সংস্থাগুলো আরো ১০ হাজার কোটি (দশ বিলিয়ন) ডলারেরও বেশি তহবিল পেতে যাচ্ছে। মার্কিন কংগ্রেস কেবল চলতি বছরের জন্যই নয়, বরং প্রেসিডেন্ট ট্রাম্পের অবশিষ্ট পুরো মেয়াদের জন্য এই অর্থায়নের অনুমোদন দেওয়ার পর এই সিদ্ধান্ত নিশ্চিত হলো।
অভিবাসন ও কাস্টমস প্রয়োগকারী সংস্থা ‘আইসিই’ এবং সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার পেট্রোল’-এর জন্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে (ডিএইচএস) প্রায় ৭০ বিলিয়ন (৭,০০০ কোটি) ডলার বরাদ্দ দেওয়ার পক্ষে গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি সভায় (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সামান্য ব্যবধানে ভোট পাস হয়। গত এক বছরের মধ্যে এটি এই সংস্থা দুটির তহবিলে দ্বিতীয়বারের মতো হাজার কোটি ডলারের বিশাল আর্থিক জোগান, যা ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই কেবল রিপাবলিকানরা একক শক্তিতে পাস করিয়ে নিয়েছে।
বিলটি ২১৪-২১২ ভোটে পাস হয়। গত বুধবার (১০ জুন) প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলে সই করেছেন। এই ভোটের মাধ্যমে অভিবাসন নীতি নিয়ে চলা দীর্ঘ ১১৫ দিনের অচলাবস্থার অবসান ঘটল। চলতি বছরের শুরুর দিকে মিনিয়াপোলিসে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার পর, ডেমোক্র্যাটরা আইসিই এবং বর্ডার পেট্রোলের জন্য আরো তহবিল জোগানোর বিরোধিতা শুরু করেছিল। তাদের লক্ষ্য ছিল এই সংস্থাগুলোর অভিবাসন নিয়ন্ত্রণ ও বলপ্রয়োগের কৌশলে পরিবর্তন আনতে বাধ্য করা।