
নিউইয়র্ক সিটির বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সাশ্রয়ী দামে সরবরাহ করতে সিটি পরিচালিত মুদি দোকানে মৌলিক খাদ্যপণ্যে ৩০ শতাংশ মূল্যছাড় দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি।
সোমবার (২৭ জুলাই) ব্রুকলিনে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, শহর পরিচালিত পাঁচটি কমিউনিটি গ্রোসারি স্টোরে প্রতি মাসে নির্ধারিত কিছু নিত্যপণ্যের দাম বাজারদরের তুলনায় ৩০ শতাংশ কম রাখা হবে। এর ফলে একটি পরিবার মাসে গড়ে প্রায় ৯০ ডলার এবং বছরে প্রায় এক হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে।
ছাড়ের আওতায় থাকবে শাকসবজি, পাস্তা, মাংস, সামুদ্রিক মাছ, রুটি, দই, চাল, ডাল ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। এসব পণ্যের মূল্য পুরো মাসজুড়ে একই থাকবে। ফলে সাপ্তাহিক দামের ওঠানামা বা অতিরিক্ত মূল্য পরিশোধের ঝুঁকি থাকবে না।
মেয়র মামদানি বলেন, “নিউইয়র্কের কোনো পরিবার যেন খাবারের খরচ নিয়ে দুশ্চিন্তায় না থাকে, সেটিই আমাদের লক্ষ্য।”
এ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সিটি কর্তৃপক্ষ নতুন তিনটি কমিউনিটি গ্রোসারি স্টোর পরিচালনার জন্য ৪৪ পৃষ্ঠার দরপত্র আহ্বান করেছে। এর আগে ইস্ট হারলেমের লা মারকেটা এবং ব্রঙ্কসের হান্টস পয়েন্টকে দুটি সম্ভাব্য স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০২৯ সালের মধ্যে পাঁচটি স্টোরই চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, সিটি সরকার জমি বা দোকানের স্থান সরবরাহ করবে এবং নির্মাণ বা সংস্কারের ব্যয় বহন করবে। দৈনন্দিন পরিচালনার দায়িত্ব থাকবে বেসরকারি অপারেটরের হাতে।
সমালোচকদের অভিযোগ, সিটি পরিচালিত মুদি দোকান চালু হলে স্থানীয় ছোট মুদি দোকান বা বোডেগাগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে এ আশঙ্কা উড়িয়ে দিয়ে মেয়র মামদানি বলেন, সিটি পরিচালিত দোকানগুলোতে সিগারেট, মদ, লটারির টিকিট কিংবা গরম খাবার বিক্রি করা হবে না। এসব পণ্য স্থানীয় বোডেগাগুলোর আয়ের গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় তাদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় যেতে চায় না সিটি প্রশাসন।
এই প্রকল্প বাস্তবায়নে সিটির মূলধন বাজেটে ৭ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম সিটি পরিচালিত মুদি দোকান আগামী বছর ব্রঙ্কসে চালু হবে। ইস্ট হারলেমের দ্বিতীয় শাখা ২০২৯ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে।