ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫

ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার ওপর নতুন ও বিস্তৃত নিষেধাজ্ঞা, শুল্ক এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন তিনি।
​শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প 'লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬' শীর্ষক বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেছেন।
​এই নতুন আইনের মাধ্যমে রাশিয়ার ওপর আইনগত নিষেধাজ্ঞা, শুল্ক ও বিভিন্ন নিষেধাজ্ঞা অনুমোদন এবং সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদও বৃদ্ধি করা হয়েছে।
​পূর্বে ইরানে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। ওয়াশিংটনের এই নতুন ও কঠোর বিধিনিষেধের কঠোর সমালোচনা করে এটিকে 'অর্থনৈতিক সন্ত্রাসবাদ' হিসেবে অভিহিত করেছে তেহরান।
​উল্লেখ্য প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের গণহত্যা অভিযানের একজন অন্যতম সমর্থক ও প্রচারক ছিলেন।