যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় স্বাচ্ছন্দ্যে থাকার খরচ কত? ১০ শহরের হিসাব দিলেন এনআরআই

ডেস্ক রিপোর্ট
  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯

ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং এইচ-১বি (H-1B) ভিসার নানা জটিলতার মাঝে যুক্তরাষ্ট্রে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে বসবাস করতে কত টাকা আয়ের প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত হিসাব দিয়েছেন একজন প্রবাসী ভারতীয় (এনআরআই)।
অনিমেষ অঞ্জনা নামের এক সাবেক মার্কিন উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৬ সালের সম্ভাব্য ব্যয় ধরে যুক্তরাষ্ট্রের ১০টি প্রধান শহরের একটি তালিকা প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রে ১০ বছর বসবাস করার পর ভারতে ফিরে আসা এই স্টার্টআপ প্রতিষ্ঠাতা জানান, দুই সন্তানসহ চার সদস্যের একটি পরিবারের 'আর্থিক মানসিক চাপমুক্ত' জীবনযাপনের খরচ বের করতে তিনি বিখ্যাত '৫০/৩০/২০ বাজেট নিয়ম' প্রয়োগ করেছেন। এই নিয়ম অনুযায়ী, মোট আয়ের ৫০ শতাংশ মৌলিক চাহিদা বা নির্দিষ্ট খরচে, ৩০ শতাংশ ভ্রমণ ও বিনোদনের পেছনে এবং ২০ শতাংশ সঞ্চয় বা বিনিয়োগে রাখা হয়েছে।
হিসাব অনুযায়ী, টেক হাবখ্যাত সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে শীর্ষে রয়েছে। ২০২৬ সালে সেখানে চার সদস্যের একটি পরিবারের স্বাচ্ছন্দ্যে বাঁচতে বার্ষিক অন্তত ৪ লাখ ৭ হাজার ৫৯৭ ডলার ( ৪ কোটি টাকা) আয় করতে হবে।
এইচ-১বি ভিসা নিয়ে মার্কিন মুলুকে স্থায়ী বা সাময়িকভাবে বসবাস করতে ইচ্ছুক পরিবারগুলোর বাস্তব খরচের ধারণা দিতেই এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। সূত্র: এনডিটিভি