
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। চেয়েছিল পাকিস্তানের মতো শ্রীলংকায় গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে। কিন্তু সেই সুযোগ দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। যে কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগারদের। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রশ্নের উত্তরে ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘কোনো অনুশোচনা, প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা, ক্রিকেট বোর্ড। তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের, ক্রিকেটারদের, দেশের মানুষের নিরাপত্তার জন্য, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে …আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
গণমাধ্যমের খবর ছিল, বিশ্বকাপ না খেলায় বাংলাদেশকে বড় ধরনের শাস্তি দিতে যাচ্ছে আইসিসি। তবে তেমন কিছুই হচ্ছে না। পাকিস্তানের লাহোরে বিসিবি, পিসিবি ও আইসিসির মধ্যকার ত্রিপাক্ষিক বৈঠকে বরং পুরস্কারই পেয়েছে বাংলাদেশ। ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশ।
এটাকে বিসিবির কূটনৈতিক জয় হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, ‘দেখেন, তারা যে ক্রিকেট কূটনীতিটা করেছে, আল্টিমেটলি এখন আইসিসি বলছে, আমাদেরকে কোনোরকম শাস্তি-টাস্তি তারা দেবে না, বরং একটি বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক তারা করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, স্যালুট টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরকম সিদ্ধান্ত ১০ বার নেওয়ার সুযোগ এলে ১০ বারই এটিই নেওয়া উচিত।’