
শীতের মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে নিম্ন তাপমাত্রার কবলে পড়তে যাচ্ছে নিউইয়র্ক সিটি। সপ্তাহান্তে তাপমাত্রা বিপজ্জনকভাবে এক অঙ্কে নেমে যাবে, সঙ্গে থাকবে প্রচণ্ড আর্কটিক বাতাস—এমন সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা।
দ্য নিউইয়র্ক পোস্ট বলছে, পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৭ ফেব্রুয়ারি) তাপমাত্রা নেমে আসতে পারে সর্বনিম্ন ৪ ডিগ্রি ফারেনহাইটে। তবে বাতাসের তীব্রতায় “ফিলস লাইক” তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
AccuWeather–এর সিনিয়র আবহাওয়াবিদ টম কাইনস বলেন, “যথাযথ সুরক্ষা ছাড়া যদি কেউ আধা ঘণ্টার বেশি বাইরে থাকেন, তাহলে ফ্রস্টবাইট ও হাইপোথার্মিয়ার ঝুঁকিতে পড়বেন।”
শনিবার রাতের তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে উষ্ণতা বাড়বে—সোমবার সর্বোচ্চ ২৪ ডিগ্রি এবং মঙ্গলবার ৩০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে বলে জানান কাইনস।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে সর্বশেষ এত কম তাপমাত্রা অনুভূত হয়েছিল ৪ ফেব্রুয়ারি ২০২৩ সালে, সেদিন পারদ নেমেছিল ৩ ডিগ্রিতে। ফেব্রুয়ারি ৮ তারিখে শহরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড −৭ ডিগ্রি, যা ১৯৩৪ সালে হয়েছিল। তুলনামূলকভাবে, ফেব্রুয়ারিতে নিউইয়র্ক সিটির গড় তাপমাত্রা প্রায় ৩৫.৯ ডিগ্রি ফারেনহাইট।