
রাজধানীর কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম দিপুর বাসা থেকে রহমান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কদমতলী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রহমান স্থানীয় বিএনপির ৫২ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম দিপুর ডিস ব্যবসার লাইনম্যান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, ৯৮ নম্বর মুরাদপুর রজব আলী সর্দার রোডে দিপুর নিজ বাসার ৫ম তলায় রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ৪ থেকে ৫ দিন আগে ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পরিবারের কাউকে পাওয়া যায়নি। এ ছাড়া বিএনপি সভাপতির লোকজন বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেননি বলেও তারা দাবি করেন।
ঘটনাস্থলে উপস্থিত কদমতলী থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এবং পরিবারের পক্ষ থেকে মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।