মধুপুরে ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে একে একে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  ২০ জুন ২০২৬, ১৩:৩৪

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। 
তারা সকলেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের। তারা হলেন, জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 
জানা গেছে, সকালে ওই কূপে একটি ছাগল পড়ে যায়। এ সময় প্রথমে গ্রাবিয়েল নকরেক (৩৫) ছাগল উদ্ধার করতে কূপে নামেন। পরে বাইরে থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। 
তাদের সকলেরই কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, টেলকি জলই এলাকায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে একে একে ৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।