বগুড়ায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি

ডেস্ক রিপোর্ট
  ২৩ জুন ২০২৬, ২৩:৫৯


বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৃথক তিন স্থানে এসব গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশাসন জানিয়েছে, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণ করা হবে।
এদিন সকালে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের গণশুনানি হয়, সৈয়দপুরের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং দিগন্ত ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।
জানা যায়, সম্প্রতি নবগঠিত তিনটি ইউনিয়নের নাম স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলের নাম অনুসারে রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসক তৌফিকুর রহমান আলাদা কমিটি গঠনে নির্দেশ দেন। তার নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তিন ইউনিয়নের প্রশাসককে গণশুনানি কমিটির আহবায়ক করেন। সেই লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় তিনটি স্থানে একযোগে গণশুনানির আয়োজন করা হয়। যেখানে স্থানীয় বাসিন্দারা নতুন নামের বিষয়ে মতামত দিয়েছেন।
শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ও অন্যরা জানান, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক পরিচিতি ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণ করা হবে।