
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে সাংগঠনিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছাত্রশিবিরে তার সর্বশেষ দায়িত্ব ছিল কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে।
সোমবার (১৩ জুলাই) বিকালে সাদিক কায়েম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক সেটআপ পরিবর্তন করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার দায়িত্বের সমাপ্তি হয়েছে।
এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, সংগঠনের বর্তমান সেশনের ষাণ্মাসিক পরিবর্তনে মোট ৯ জন সম্পাদক সাংগঠনিক ছুটি পেয়েছেন।
ছাত্রশিবির থেকে বিদায় নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
এদিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম ছাত্রশিবিরের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তার আনুষ্ঠানিক বিদায় হয়েছে।
তিনি ছাত্রশিবিরকে নিজের আবেগ ও ভালোবাসার সংগঠন উল্লেখ করে বলেন, সংগঠনের সঙ্গে তার দীর্ঘ সময়ের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।