ডিএমপির ১১ পুলিশ কর্মকর্তার বদলি

ডেস্ক রিপোর্ট
  ০৩ অক্টোবর ২০২৬, ২৩:৪৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জ অফিসে তার সংযুক্তি বহাল থাকবে। সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
এ ছাড়া মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদের মধ্যে এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া এসব নিরস্ত্র পুলিশ পরিদর্শককে আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ৮ অক্টোবর থেকে তাৎক্ষণিকভাবে তাদের অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।