আমেরিকান ডাক্তার হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান রাহাত বকস এলাহী 

ডেস্ক রিপোর্ট
  ২৫ মার্চ ২০২৬, ১৩:৫৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান রাহাত বকস এলাহী যুক্তরাষ্ট্রে ডাক্তার হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। তিনি নিউইয়র্কে অবস্থিত ডাউনস্টেট হেলথ সায়েন্স ইউনিভার্সিটি থেকে চিকিৎসাবিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) ‘ম্যাচ ডে-২০২৬’ অনুষ্ঠানে তার এ সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। তিনি শিগগিরই নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত লেনক্স হিল হাসপাতালে রেসিডেন্ট ডাক্তার হিসেবে যোগদান করবেন।
রাহাত বকস এলাহী শ্রীমঙ্গল পৌরসভার সুপরিচিত ব্যক্তি আলহাজ আলাবক্স আহমেদের নাতি এবং নিউইয়র্কস্থ শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি মোস্তাক এলাহী চেমন দম্পতির একমাত্র ছেলে। তার এ অর্জনে পরিবারে আনন্দের বন্যা বইছে। পরিবারের সদস্যরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। 
রাহাতের বড় বোন তাসনিমা এলাহী রিয়া ২০২১ সালে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিভাগে কর্মরত আছেন। একই পরিবারের দুই সন্তানই যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রাহাত বকস এলাহীর এ সাফল্যে নিউইয়র্কস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সাবেক সভাপতি মামুনুর রশিদ শিপু, সাধারণ সম্পাদক সুফিয়ান চৌধুরী, সহসভাপতি মিজানুর রহমান, উপদেষ্টা আব্দুল হাকিম সুলেমান, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমানসহ আরও অনেকে।