বৃহত্তর নোয়াখালী সোসাইটির ইফতার ও ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬


যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে ইফতার ও বায়ান্নর ভাষা শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন কমিউনিটি সংগঠন ছাড়াও নানা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শনিবার নিউইয়র্কের ব্রুকলিনের নিউকার্ক এলাকায় অবস্থিত হযরত বেলাল মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদ মিন্টু। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি এ এস এম মাইনউদ্দিন পিন্টু।
শুভেচ্ছা বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান। ইফতারের আগে আলোচনা ও দোয়া পরিচালনা করেন হযরত বেলাল মসজিদের খতিব ড. আনসারুল করিম আজহারী।
মাহফিলে বক্তব্য দেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির সহসাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, সন্দ্বীপ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি নাজমুল হাসান মানিক, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নুরে আলম সিদ্দিকী মুন্না ও সেক্রেটারি মোশারফ হোসেন সবুজ।
এ ছাড়া বৃহত্তর বেগমগঞ্জ (বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলা) সোসাইটির সদস্যসচিব হাসানুজ্জামান বাদল, দাগনভূঁঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল হক শামীম, সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম মাইনউদ্দিন বাবলু ও সেক্রেটারি নজরুল ইসলাম মিলন, চন্দ্রগঞ্জ থানা সমিতির সভাপতি নজরুল ইসলাম, চাটখিল উপজেলা সোসাইটির সভাপতি হোলাল উদ্দিন, নিউকার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সভাপতি আব্দুর মান্নান, চৌমুহনী ক্লাব ইউএসএর সভাপতি মোরশেদ আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়ায় বৃহত্তর নোয়াখালী সোসাইটিসহ কমিউনিটির প্রয়াত নেতৃবৃন্দ ও ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি কমিউনিটির কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কোরআনের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবন গড়ে তোলার তাওফিক কামনা করা হয় মহান আল্লাহর কাছে।