
নিউইয়র্কে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে গ্লোবাল হিউম্যান ফ্রিডমস অব ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা মিউজিক ফেস্টিভ্যাল’।
সম্প্রতি সিটির উডসাইডে কুইন্স প্যালেসে আয়োজিত এই জমকালো আয়োজনে প্রবাসে বাংলা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশে অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। প্রবাসের জনপ্রিয় উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া ও বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত। স্বাগত বক্তব্য দেন গ্লোবাল হিউম্যান ফ্রিডমস অব ইউএসএ’র চেয়ারম্যান ও ডাউনটাউন ম্যানহাটান বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসেন বাদল।
এছাড়া বক্তব্য রাখেন ‘বাংলা মিউজিক ফেস্টিভ্যাল’-এর চিফ অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, অন্যতম আয়োজক সংগীতশিল্পী হিরা এবং চিত্রনায়িকা শাহনূর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ নূরুল আমিন বাবু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, নারীনেত্রী রেদোয়ানা রাজ্জাক সেতু এবং ডাউনটাউন ম্যানহাটান বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল কাদির লস্কর মিঠুসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।
এ আয়োজনে সংগীত পরিবেশন করেন তারকা শিল্পী লুমিন, নাজু আখন্দ, ডিজে রাহাত, সাদী, হিরা, কাজল, আফতাব জনি, লাল্টুসহ আরো অনেকে। শিল্পীদের একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা দর্শক-শ্রোতাদের গভীর রাত পর্যন্ত মাতিয়ে রাখে। অনেক দর্শক শিল্পীদের সঙ্গে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।