আটলান্টিক সিটির বাসিন্দাদের ভাড়া ও ইউটিলিটি বিল সহায়তার ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১০


যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের সহায়তায় নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে সিটি কর্তৃপক্ষ। ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধে সহায়তা দিতে চার লাখ ডলারের একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) এই তহবিলের ঘোষণা দেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। এ উদ্যোগের মাধ্যমে শহরের নিম্ন ও মধ্যম আয়ের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সিটি প্রশাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ঘোষিত তহবিলের মধ্যে ভাড়া সহায়তার জন্য দুই লাখ ডলার এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ ইউটিলিটি বিল পরিশোধে আরও দুই লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। এই সহায়তা কেবল নিউ জার্সি অঙ্গরাজ্যের নির্দেশিকা অনুযায়ী যোগ্য আটলান্টিক সিটির স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য হবে।
সহায়তা পেতে আগ্রহীদের সরাসরি সিটি হলে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। ভাড়া সহায়তার ক্ষেত্রে আবেদনকারীদের লিজের কপি, বেতন স্লিপসহ (পে-স্টাব) প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। ইউটিলিটি বিল সহায়তার জন্য বকেয়া বিল, শাট-অফ নোটিস এবং আবেদনকারীর নিজ নামে থাকা বিলের কপি জমা দেওয়া বাধ্যতামূলক। এ ক্ষেত্রে পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল অন্তর্ভুক্ত থাকবে।
এই কর্মসূচির আওতায় সিটির হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বিভাগ থেকে কেস ম্যানেজমেন্ট সেবাও দেওয়া হবে। ভাড়া সহায়তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ ডলার এবং ইউটিলিটি বিল সহায়তার ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ডলার।
কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে আটলান্টিক সিটির কমিউনিটি এনগেজমেন্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।