
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আরেকটি সুপার মার্কেটের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) হ্যামট্রাম্যাক শহরের ডাউনটাউন এলাকায় জোসেফ ক্যাম্পু সড়কে ‘মা গ্রোসারি অ্যান্ড সুপার মার্কেট’ নামের নতুন এই সুপার মার্কেটটির উদ্বোধন করেন ডেট্রয়েট সিটির মেয়র মেরি শেফিল্ড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক শহরের সাবেক কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, সিনিয়র সাংবাদিক শফিক রহমান, বাংলা পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মেয়র মেরি শেফিল্ড বলেন, প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের মূলধারার নানা পেশায় মেধা, যোগ্যতা ও দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। নতুন এই সুপার মার্কেট স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই সুপার মার্কেটে তাজা শাকসবজি, ফল, মাছ, মাংসসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থান করায় ক্রেতাদের জন্য কেনাকাটার নতুন সুযোগ তৈরি হয়েছে। আশপাশের অনেক বাসিন্দা পায়ে হেঁটেই দোকানে আসতে পারছেন।