
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি হাইস্কুলের গ্র্যাজুয়েশন (সমাবর্তন) অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকার সেরা দশের চারজনই বাংলাদেশি আমেরিকান। তাদের এই সাফল্যে প্রবাসের মাটিতে পুরো বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জোয়ার বইছে।
সোমবার (২৩ জুন) ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়। চার বছরের কঠোর সাধনা শেষে অর্জনের আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। গাউন পরিহিত শিক্ষার্থীরা দুপুর থেকেই পরিবারের সদস্যদের নিয়ে মিলনায়তনে জড়ো হতে শুরু করেন। অনুষ্ঠান শুরুর পর মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো মিলনায়তন উৎসবমুখর করতালিতে মুখরিত হয়ে ওঠে।
মেধা তালিকায় সেরা চারজন:
পূর্বসূরিদের গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও মেধা তালিকার শীর্ষ দশে স্থান করে নিয়েছেন ৪ জন বাংলাদেশি। তারা হলেন— আলফি নাশিয়া (দ্বিতীয়), সুমাইয়া তাবাসুম (চতুর্থ), শ্রেয়ন চৌধুরী (সপ্তম) ও রাহাত রহমান (নবম)।
আটলান্টিক সিটি হাইস্কুলের অধ্যক্ষ ড. কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়োর, স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল এবং সিটি কাউন্সিলের সদস্যবৃন্দ। এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী ও ফরহাদ সিদ্দিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিজ নিজ আসনে আসন গ্রহণ করে এবং পর্যায়ক্রমে মঞ্চে উঠে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে।