আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব ঘিরে বিএএসজের প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট
  ২৮ জুলাই ২০২৬, ২১:২৭

আগামী ১২ আগস্ট অনুষ্ঠিতব্য ‘আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব-২০২৬’ সফল করার লক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজি) এক প্রস্তুতি সভার আয়োজন করেছে। গত ২৭ জুলাই সোমবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় উৎসবের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিএএসজি সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উৎসব কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। পরে সেসব বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সাউথ জার্সিতে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ অংশ নেন। তারা উৎসবকে আরও বর্ণিল, সুশৃঙ্খল ও সফল করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ দেন।
আলোচনায় অংশ নেন আব্দুর রফিক, পিন্টু রায়, শাহরিয়ার আহমেদ, মো. মামুন আবু জাহিদ, সৈয়দ শহীদ, শাহ মাহমুদ, বেলাল হোসেন, বেলাল উদ্দিন, রওশন উদ্দিন এবং রফিক উদ্দিন রুমেলসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ মিলনমেলা। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে কমিউনিটিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবারের উৎসবও সফল ও স্মরণীয় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।