মেয়ের গাড়ি চালনা শেখার সময় ধাক্কায় প্রবাসী বাবার মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

যুক্তরাষ্ট্রের মিশিগানে মেয়েকে গাড়ি চালানো শেখানোর সময় গাড়ির ধাক্কায় মো. আব্দুর রহিম (৬২) নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে মিশিগানের ওয়ারেন শহরের ওয়ার্নার অ্যাভিনিউয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ওয়ারেন পুলিশ বিভাগ জানায়, ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালনার অনুশীলনে সহায়তা করছিলেন আব্দুর রহিম। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটি তাকে সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটি তাকে কিছুদূর টেনে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর মেয়েটি ঘটনাস্থলেই অবস্থান করছিল এবং সে পুলিশকে সহযোগিতা করছে। ওয়ারেন পুলিশের ট্রাফিক ইউনিট ঘটনাটি তদন্ত করছে।
নিহত আব্দুর রহিমের পৈতৃক বাড়ি ঢাকার ধানমন্ডিতে। প্রায় সাত বছর আগে বড় মেয়ের সূত্রে তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন এবং ওয়ারেন শহরের ওয়ার্নার স্ট্রিটে বসবাস শুরু করেন। তিনি দুই কন্যা ও এক ছেলের জনক। তার ছেলে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। এ ঘটনায় মিশিগানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।