
সংগঠন, কমিউনিটি সম্পৃক্ততা, তরুণ নেতৃত্ব ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির 'বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড' অর্জন করেছেন তরুণ সংগঠক তাহমিদ চৌধুরী।
মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ঐতিহ্যবাহী 'বেস্ট অব দ্য ওয়েস্ট' অনুষ্ঠানের এক জমকালো মঞ্চে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। তাহমিদের হাতে সম্মাননাটি তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর ও ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টির প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।
পুরস্কার বিতরণকালে মঞ্চে উপস্থিত ছিলেন ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ার কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসউম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার ও ডেমোক্র্যাটিক পার্টির লেফটেন্যান্ট গভর্নর মনোনীত প্রার্থী উইনি ব্রিংকস।
তাহমিদ চৌধুরী দীর্ঘদিন ধরে ম্যাকম্ব কাউন্টি ও মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টজুড়ে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন। তার প্রধান লক্ষ্য কমিউনিটি সংযোগ বাড়ানো, নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের স্বতঃস্ফূর্তভাবে জনসেবায় যুক্ত করা।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তাহমিদ চৌধুরী বলেন, "মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এই অর্জন শুধু আমার একার নয়; যেসব শিক্ষক, মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ী আমাকে পথ দেখিয়েছেন, সাফল্যটি তাদের সবার। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে জনসেবার কাজ আরও বহুদূর এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে তাহমিদকে উৎসাহ দিতে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) সভাপতি জাবেদ চৌধুরী এবং উপদেষ্টা সুমন কবির।
সম্মাননা প্রদানের জন্য মিশিগান ডেমোক্র্যাটিক পার্টি ও ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ধন্যবাদ জানান তাহমিদ। একই সঙ্গে ওই অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত অন্য তরুণদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।